খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেলে নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাহান ও সালাউদ্দিনের বিরোধ ক্রমেই জটিল হয়ে উঠছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত চরের পরিস্থিতি। চাঁদাবাজি, নির্যাতন, ডাকাতি ও নাশকতার মতো গুরুতর অভিযোগ ঘিরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে সাধারণ মানুষের। বিশেষ করে ভূমিহীন ও অসহায় পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বেশি।
এ পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্দেশনা। গত ২১ অক্টোবর তজুমদ্দিনে এক সংবর্ধনা অনুষ্ঠানে চরবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সেই নির্দেশনার পরও এখনো গ্রেপ্তার হননি সালাউদ্দিন। তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ওই অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘আমি শুনেছি, চর মোজাম্মেলে সালাউদ্দিন নামে এক ডাকাত মানুষের ওপর অত্যাচার-জুলুম ও নির্যাতন চালায়। আমি প্রশাসনকে বলে গেলাম, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করার জন্য।’
স্পিকারের এমন নির্দেশনার পরও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের জিজ্ঞাসা, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও সালাউদ্দিনকে আইনের আওতায় আনতে দেরি হচ্ছে কেন?
এদিকে, বিরোধের দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সালাউদ্দিনের অভিযোগ, শাহজাহান তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা চাঁদা নিয়েছেন। পাশাপাশি তার অনুসারীদের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শাহজাহান বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদা নেওয়ার কোনো সঠিক প্রমাণ দিতে পারলে আমি আর কখনো রাজনীতি করব না।’ তার দাবি, সালাউদ্দিন নোয়াখালীর বাসিন্দা। চর মোজাম্মেলে এসে তিনি নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগও তোলেন শাহজাহান।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সালাউদ্দিনের দাবি, শাহজাহান হাতিয়া থেকে লোকজন এনে চরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন। তার অনুসারীদের ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগও করেন তিনি।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন চরের সাধারণ মানুষ। স্থানীয়দের আশঙ্কা, আধিপত্য বিস্তারের এই বিরোধ যেকোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এতে ভূমিহীন ও অসহায় পরিবারগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শাহজাহান ও সালাউদ্দিন গ্রুপের বিরোধের জেরেই উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। চরের ভূমিহীন ও সাধারণ মানুষের ওপর কেউ জুলুম-নির্যাতন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা ঘটলে চর মোজাম্মেলের অস্থায়ী পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়ে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
স্থানীয় সচেতন মহলের দাবি, দুই পক্ষের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। চাঁদাবাজি, নির্যাতন, ডাকাতি ও নাশকতার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চরবাসীর প্রত্যাশা, প্রভাব ও আধিপত্যের দ্বন্দ্বে আর জিম্মি হয়ে থাকতে হবে না তাদের। দ্রুত প্রশাসনিক পদক্ষেপে অবসান ঘটবে বিরোধ ও আতঙ্কের, চর মোজাম্মেলে ফিরে আসবে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা।
