সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ডিজিটাল বংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর উচ্চ বিদ্যালয় আঙিনায় শুলপুর গ্রামের নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (আইন) মাহবুবা আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আলেয়া ফেরদৌসী, মুন্সিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন নাহার শিল্পি। আরো উপস্থিত ছিলেন শুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র শাখারী,কেয়াইন ইউপির সদস্য নয়ন রোজারিও,শুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মহিলা সংরক্ষিত সদস্য জুয়েল ক্যাথরিং রোজারিও প্রমুখ। উঠান বৈঠকে নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা, চাকরির আবেদনপত্র পূরন, ভর্তি পরীক্ষার ফরম পূরন, কৃষি , জেন্ডার বৈষম্য, বাল্যবিবাহ, নারী শিক্ষার গুরুত্ব, নারীর ক্ষমতায়নে ই-কমার্সের ভূমিকা, লালসবুজ. কম এর কার্যক্রম , অনলাইনে ব্যাবসা সংক্রান্ত পরামর্শ,আইনী সহায়তা, নারীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, তাপমাত্রা, ওজন মাপা সহ বিভিন্ন ধরনের সেবা সমূহ বিনামুল্যে তথ্য কেন্দ্র বা উঠান বৈঠকের মাধ্যমে প্রদান বিষয়ে আলোচনা করা হয়।
