এমএ কাউয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ শ্রীনগরে অটো রিক্সা ছিনতাই করে পালানোর সময় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই এর পর পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ওয়াসা রোডের নির্জন স্থানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা হল উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কাদুরগাঁও গ্রামের রোমান মোল্লার ছেলে সিয়াম হোসেন(১৭), এবং একই ইউনিয়নের ফুলকুচি গ্রামের শ্রী নরেন বাছারের দুই ছেলে অনিক বাছার(১৭) ও অনন্ত বাছার ১৫। স্থানীয়রা জানান সোমবার বিকেলে ভাগ্যকুল বাজার থেকে মাওয়া যাওয়ার কথা বলে একটি অটো রিক্সা ভাড়া নেয় এই তিন ছিনতাইকারি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় কোলাপাড়া ওয়াসা রোডের নির্জন স্থানে এনে অটো রিক্সা চালক কে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ছিনতাইকারীরা অটোরিকশা চালকের হাত পা বেঁধে মুখে কস্টটেপ পেঁচিয়ে রাস্তার পাশে ফেলে রেখে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে ওই তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ আটক তিন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সি জানান আটককৃত তিন-ছিনতাইকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
