নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নগরীর নিকেতনের ব্লক-ই, রোড-৬, হোল্ডিং-১ নম্বরে নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০তলা ভবনে অভিযান চালিয়ে নকশাবহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করায় তাকে এ জরিমানা করেন রাজউকের নির্বাহী হাকিম আশরাফ হোসেন। কোনো ধরনের নোটিশ ছাড়াই রাজউকের এ অভিযান সম্পন্ন হয়েছে বলে দাবি করেন শাকিব।
ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় নির্মাণাধীন ওই বাড়িতে শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার উপস্থিত ছিলেন। শাকিব সে সময় ছিলেন না।
এ বিষয়ে শাকিব খান বলেন, হঠাৎ রাজউক থেকে কয়েকজন লোক এসে জরিমানার রসিদ দিল। এ সময় আমার বোনজামাইসহ ওখানে কয়েকজন ছিলেন। তাদের গাড়িতে উঠতে বলা হলো। রাজউকের নিয়ম মেনেই বাড়ি বানিয়েছি। ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির বারান্দা একফিট বাড়িয়েছেন। রাজউকের পক্ষ থেকে নোটিশ পেলে তা ঠিক করা যেত। এটি তো এমন কিছু নয় যে জেল-জরিমানা করতে হবে!
