গুঞ্জনকে সত্যি করে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গতকাল দুপুরে সংবাদমাধ্যমটির এক খবরে প্রকাশ করা হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ দুই তারকা। সেখানে বিয়ের সম্ভাব্য তারিখ বলা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
এদিকে, বছরখানেক ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা। বিভিন্ন গণমাধ্যমে দু’জনই জানিয়েছেন, তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই।
তবে চলতি সপ্তাহে গুঞ্জন শোনা গেছে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। তবে বিষয়টির এখন পর্যন্ত সত্যতা না মিললেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে তাদের। গত মার্চে অর্ণবের ‘কী হলে কী হতো’ গানের ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সে কাজের সূত্রে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর গত সেপ্টেম্বরে সৃজিতের জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় মিথিলাকে। তাকে নিয়ে পূজামণ্ডপেও ঘুরেছেন সৃজিত। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে সময় কাটাতে দেখা গেছে তাদের। ইদানীং বেশির ভাগ সময় কলকাতায় সৃজিতের সঙ্গে পার করছেন মিথিলা, যা তাদের সম্পর্কের বিষয়টি আরও উস্কে দিয়েছে।
