নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির একাংশের মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আগলা এলাকায় সাবেক দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উসমানির বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হবে। তাই ঐক্যবদ্ধ না হয়ে সৈরাচারের দোসরদের নিয়ে মাঠে থাকলে ফলাফল ভালো হবে না।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন রানা খন্দকার আবু আশফাককে উদ্দেশ্য করে বলেন, যদি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ফেল করে আমাদের মত কর্মীর একটা কুল কিনারা হবে। কিন্তু আশফাক সাহেব আপনার কি হবে? ঐক্যবদ্ধ ছাড়া এই আসনে পাশ করে যাবেন এটা আপনার দিবা স্বপ্ন। তাই এখনো সময় আছে ত্যাগীদের মূল্যয়ন করুন।
দোহার-উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহিন মাহমুদ বলেন, আমি বাড়িতে থাকতে পারিনি হামলা ,মামলার শিকার হয়েছি। আবার গত ৫ আগস্টের পরও আমার বাড়িতে ৬০-৭০ জন পুলিশ-সেনাবাহিনী গিয়ে আমাকে খোজেছে, আমি নাকি সন্ত্রাসী। আপনারা বলুন আমার রাজনৈতিক মামলা ছাড়া অন্য কোন মামলা আছে? না নেই। তাহলে বিএনপির এই সুসময়েও আমার বাড়িতে সেনাবাহিনী কেনো? আমার সিনিয়র নেতারা এর জবাব দিবেন।
অনুষ্ঠানে দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উসমানি বলেন, আমাদের হাত ধরে নবাবগঞ্জে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। অথচ এখন আমাদের কেউ চিনেই না। নতুন নতুন নেতার ভিড়ে আমাদের মূল্যহীন মনে করছে। তিনি আরও বলেন, আপনাদের বলে দিচ্ছি আমাদের এখানে যারা আছেন এদের মধ্যে অনেকেই এমপি হওয়ার যোগ্যতা রাখে তাই আপনাদের সাবধান করে দিচ্ছি। মনে রাখবেন ঐক্যবদ্ধ ছাড়া দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে বিএনপির কোন প্রার্থী পাশ করতে পারবে না।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (মান্নান প্যানেল) আগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খান পান্নু, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাড. ফজলুল হক বেলায়াদি, সাবেক সহ-সভাপতি ও গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, সহ-সভাপতি আক্তারুজ্জামান সোহেল বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বোরহান মিয়া সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
