নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন সম্পন্ন করা ৭টি প্রকল্প উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ সব প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, খামে আনা আর চুপিচপি দায়সারা কাজ জেলা পরিষদ চেয়ারম্যান মেনে নেয় না। তাইতো প্রত্যন্ত অঞ্চলে নিজে ঘুরে ঘুরে প্রকল্প দিচ্ছি। এ উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, সদস্য ওয়াহিদুজ্জামান রনি, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বাস্তবায়িত উদ্বোধন করা প্রকল্প গুলো হলো- বর্দ্ধনপাড়া বাজার জামে মসজিদ উন্নয়ন, দিঘিরপাড় শ্যামলীদের বাড়ি হতে ফায়জুল করিমের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, বলমন্তচর আলনূর জামে মসজিদ হতে নদীরপাড় পর্যন্ত রাস্তাসহ ড্রেন নির্মাণ, আমীরপুর আনোয়ারের বাড়ি হতে বাবুলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, বড় রাজপাড়া কার্পেটিং হতে নাসিরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, কাশিমপুর হাজী বাড়ি হতে খাশনূরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, সমসাবাদ কওমী মাদ্রাসা হতে বুলবুলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়।
