নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আরও দুইজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়াল মোট ৬ জনে। নতুন আক্রান্তের মধ্যে একজনের বাড়ি উপজেলার নারিশা ও অপরজনের বাড়ি উত্তর রাইপাড়া গ্রামে। সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, সবশেষ দোহারের ১১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। সোমবার (০৪ মে) সকালে আইইডিসিআর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইলে পাঠানো রিপোর্টের মাধ্যমে জানতে পারি দুইজনের করোনা পজেটিভের বিষয়টি।নতুন আক্রান্ত দুইজনের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালের একজন নারী চিকিৎসক রয়েছেন। তার বয়স ৫০ বছর। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার স্বামীও একজন চিকিৎসক।
ডা. জসিম জানান, আক্রান্ত অপরজনের বাড়ি উপজেলার উত্তর রাইপাড়া আকন বাড়ি মসজিদের পাশে। তার বয়স ২১ বছর। সে জয়পাড়া বাজারের গনেশ দাসের দোকানের কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ২১ বছর বয়সী আক্রান্ত ওই যুবকের শরীরে করোনার তেমন উপসর্গ ছিলনা। আক্রান্ত অবস্থায় সে রাইপাড়া আকন বাড়ির মসজিদে নামাজ আদায়, জয়পাড়া বাজারে দোকানে কাজ করাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেছে। ওই বিষয়গুলো মাথায় নিয়ে উপজেলা ও থানা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার (৪ মে) নতুন করে সনাক্ত হওয়া দুইজন নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা মোট ৬ জন। প্রথম আক্রান্ত চারজনের মাঝে একজনের মৃত্যু হয়েছে। অন্য আক্রান্তরা ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
