ঢাকার দোহার উপজেলার ৫ বছরের যমজ দুই শিশু স্বরসতি ও লক্ষী দীর্ঘ তিন বছর ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। স্বরসতি ও লক্ষী উপজেলার জয়পাড়া শ্মশানঘাট মন্ডলপাড়া এলাকার সুবর্ণা মন্ডল ও কমল মন্ডল দম্পতির মেয়ে।
পরিবার জানায়, অর্থের অভাবে স্বরসতিকে নিয়মিত চিকিৎসা ও ডায়ালাইসিস করাতে না পেরে অসহায়ভাবে মানুষের দ্বারে দ্বারে সাহায্য কামনা করছেন।
শুক্রবার সকালে যমজ দুই শিশুর এমন কিডনি রোগে আক্রান্তের খবর পেয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শিলা তার বাড়িতে ছুটে যান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, আমরা যদি সবাই মিলে তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসি তাহলে এই শিশু দুইটির জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এসময় তিনি সমাজের বিত্তবান ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে রোগের জটিলতা দেখা দেয়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলে আস্তে আস্তে সমস্যা আরও জটিল হয়ে যায়। বর্তমানে প্রস্রাব করতে সমস্যা হওয়ায় কিডনির সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত চিকিৎসা করাতে না পারলে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তারা আরো জানান, অসহায় শিশু দুইটির পরিবারের একমাত্র উপার্জন ক্ষম দিনমজুর বাবার পক্ষে চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের বাবা পেশায় একজন আখের রস বিক্রেতা। আখের রস বিক্রি করে যা আয় হয় সব অর্থ পরিবারের পিছনে ব্যয় করে মেয়েদের চিকিৎসা করানো কোনো ভাবেই সম্ভব হচ্ছে না। তাই সমাজে যারা বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের সাহায্যে কামনা করেছেন অসহায় পরিবারটি।
