দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। গতকাল শুক্রবার (২৪জুলাই) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা মুসলিম যুবসংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশফাক বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলনই আজকের উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান হচ্ছে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় তিনি আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলাসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
টানটান উত্তেজনা পূর্ণ খেলায় নবাবগঞ্জ তরুন প্রতিভা একাদশকে হারিয়ে ০-১ গোলে কার্তিকপুর একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় আহবায়ক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুজনের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মজনু মোল্লা, টিসিএল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তানভির আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, অত্র ক্লাবের সভাপতি মাদবর ফারুক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সদস্য সচিব শাকিল, চ্যাম্পিয়ন ট্রফি দাতা আমজাদ হোসেন, রানার্সআপ মনির হোসেন প্রমুখ।
