টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ জনকে জরিমানা

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার একো কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল এবং ধলেশ্বরী শাখা নদীর তীর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেতকা ব্রিজ থেকে প্রায় ১ কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে ট্রলারে বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ করিম শেখ, মো: জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন তিন জনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা এবং একই আইনের ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এ সময় জব্দকৃত মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আব্দুল মাবুদের জিম্মায় হস্তান্তর করা হয়। টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *