মুন্সীগঞ্জ প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ কলেজ। এ সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ-উৎসব ও শোভাযাত্রা করেছেন।
রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটির গড় পাসের হার ৮২ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার শতভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৬ শতাংশ। এ বছর কলেজটি থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলায় দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জনের এ সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এপ্রসঙ্গে পরিচালনা পর্ষদের হিতৌসী সদস্য মাহমুদ হাসান ফাহাদ বলেন, আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মীর সরফত আলী সপু সাহেবের দিকনির্দেশণা ও শিক্ষক মণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায়, সমষ্টিগত কর্মপ্রচেষ্টার ফলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য মোঃ জুয়েল শেখ, অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর বেপারি, মোঃ আব্বাস বেপারি, বিদৎুসাহী সদস্য মোঃ মাসুম ভূঁইয়া, অধ্যক্ষ অহিদুর রহমান খানসহ শিক্ষক মন্ডলী।
উল্লেখ্য, কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ কলেজের আয়োজনে এ আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়।
