সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার দোহার উপজেলার মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম নামে দুই প্রবাসী নিহত হয়েছেন। বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নিহত মহিউল ইসলাম পলাশের ভাই হাসান।
হাসান জানান, মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দা তামান ইন আখের নামক স্থানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ ও ওবায়দুল সেই ভবনে অবস্থান করছিলেন। আগুন ভবনটির চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ায় তারা আর বাহিরে বের হতে পারেননি। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মরদেহ দুটি জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত পলাশ উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে ও ওবায়দুল একই গ্রামের হারুন বেপারীর ছেলে। তারা বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান। নিহত পলাশের দুইটি সন্তান রয়েছে।
পলাশ প্রবাস জীবনের আগে দোহার উপজেলায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে দপ্তর সম্পাদক নাজনীন শিকদারের স্বাক্ষরিত একটি শোক বার্তায় সভাপতি মু. তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
