মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে সংখ্যালঘু এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে জামির্ত্তা ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করেন। আটককৃত হলেন- উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আদিত্য মনিরিশির ছেলে রনি সত্যার্থী(২২)।
স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা যায়, রনি সত্যার্থী(২২) রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে মহানবী হযরত মুহম্মদ (স:)কে নিয়ে কটুক্তি করে পোষ্ট করে। এতে ওই গ্রামের সঞ্জয় সরকার বাজে মন্তব্য করে কমেন্টস্ লিখেন। এতে ওই গ্রামবাসী ও মুসুল্লিরা উত্তেজিত হয়ে রনি ও সঞ্জয়কে খুজতে থাকে। এ সময় টের পেয়ে দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সিংগাইর থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের আশ্বস্থ্য করেন।এবং জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবদুল হালিম রাজুর সহযোগিতায় রনিকে পুলিশ আটক করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবদুল হালিম রাজু বলেন, সকাল ৯ টায় উত্তর বকচর গ্রামের বিপ্লব নামের এক ব্যক্তি আমাকে ফোন করে বলেন ওই গ্রামের রনি সত্যার্থী মহানবীকে কটুক্তি করেছে। এ ঘটনা আমি রনিকে ফোন করে আমার পরিষদে এনে থানা পুলিশের হাতে দেই। আমি তার শাস্তি দাবী করছি।
সিংগাইর থানার (ওসি) মো. আবদুস সাত্তার মিয়া বলেন, হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তি করায় রনি সত্যার্থী নামের এক যুবককে আটক করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে।
