রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে অভিযান পরিচালনা করে সরকারি ওষুধ বিক্রির সময় হাতেনাতে দুই ফার্মাসিস্টকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
জব্দ করা হয়েছে সরকারি দামি সব ইনজেকশন। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এনএসআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি করে আসছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কয়েকজন কর্মচারী।
বুধবার (১০ জুন) দুপুরে গোপনে হৃদরোগ ইনস্টিটিউটে অবস্থান নেয় এনএসআইয়ের একটি দল। সরকারি দেড় লাখ টাকার ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকারকে। পরে জিজ্ঞাসাবাদে সহযোগী হিসেবে উঠে আসে স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদের নামও। পরে তাকেও আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০ পিস (ক্লাক্সো৬০ ইনজেকশন) ৩০ বক্স (ক্লন্ট ৭৫) ওষুধ তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। কিন্তু সেসব ওষুধ বাইরে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।
আটকদের শেরেবাংলা নগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এনএসআইয়ের অভিযান পরিচালনাকারী বিশেষ দল।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, বিষয়টি আমরা অবগত। একটু পরেই তাদের থানায় সোপর্দ করা হবে। এরপরই পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
