এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের অপরাধে দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) পদ্মা নদীর শ্রীনগর অংশে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ২৫ কেজি ইলিশ মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে শ্রীনগর থানা পুলিশ ও লৌহজং নৌ পুলিশ সহযোগিতা করে।
শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
