এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজে ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে একটি আন্তধর্মীয় পরিবেশে সূচনা করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বক্তব্য দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অহিদুর রহমান খান, গভর্নিং বডির সদস্য মাহমুদ হাসান ফাহাদ, সিনিয়র শিক্ষক মুখলেসুর রহমান, সাইদুর রহমান ও ফারহাদ হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের এ পর্যায় শেষ হলেও সামনে আরও বড় পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ রয়েছে। তারা শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করে সহপাঠী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
