বাংলাদেশ-সৌদি পিপিপি বিষয়ে সমঝোতা সই

নববাংলা ডেস্ক : বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে এর প্লেনারি হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এবং সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বিভিন্ন মিডিয়াতে সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মডেলসমূহ বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *