নারায়ণগঞ্জ প্রতিনিধি: কোটা সংস্কারের আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১১–এর ব্যাটালিয়ন নারায়নগঞ্জের আদমজী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান। গ্রেপ্তার ফারুক আহমেদ নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব।
পরে তিনি জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস বন্দী ছিলেন। সংবাদ সম্মেলনে ল্যাফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা জানান, কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজারো মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে। তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে। সেখান থেকে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। এ সময় অস্ত্র, গোলাবারুদ, খাদ্য পণ্য লুট ও ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।
