নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদ্যুৎ শ্রমিকের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় আবুল হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রাজারহাট গ্রামের আব্দুল হামিদের ছেলে জুয়েল রানা (২৫) ও একই উপজেলার দোলন গ্রামের নজীর হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২২)। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন সুমন (১৮) নামের আরও এক শ্রমিক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যুৎ শ্রমিক গণি ও আতিক হাসানসহ এলাকাবাসী জানান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে নবাবগঞ্জ-শোল্লা লাইনের বিদ্যুতের খুটির ১১ হাজার ভোল্টেজের লাইনের বিদ্যুতের তার পরিবর্তন করতে মঙ্গলবার ঐ এলাকায় মাইকিং করা হয়। বুধবার সকাল থেকে কাজ শুরু করেন ঠিকাদার আব্দুর রহমানের প্রতিষ্ঠানের ১০/১২ জন শ্রমিক।

বিকাল ৩টার দিকে ভাওয়ালিয়া এলাকার বিদ্যুৎ খুটির তারের দুইপাশের তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শ্রমিকরা বিচ্ছিন্ন তিনটি খুটির বিদ্যুতের তার পরিবর্তনের কাজ করছিলেন। এসময় ঐ এলাকার আবুল হোসেনের বাড়ির ছাদে থাকা বাংলালিংক টাওয়ারের ব্যাটারী চার্জ দিতে ভ্রাম্যমান জেনারেটর থেকে সংযোগ দেন ঐ কোম্পানীর টেকনিশিয়ানরা।

জেনারেটর স্টার্ট দেয়ার মাত্র কাজ করতে থাকা পল্লী বিদ্যুতের কাজ করতে থাকা ওই তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে সুযোগ পেয়ে বাংলালিংকের টেকনিশিয়ানরা পালিয়ে যায়। তবে গাড়ির চালককে আটক করেছেন এলাকাবাসী। পরে স্থানীয়দের সহায়তায় ওই তিন শ্রমিককে উদ্ধার করে দ্রুত উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মমিনুল ও জুয়েল রানাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, জেনারেটর চালু দেয়ার সময় বাড়ির মূল বিদ্যুৎ সংযোগের মেইন সুইজ বন্ধ করা হয়নি। এতে ঐ জেনারেটরের বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ তারের মাধ্যমে বিদ্যুতের লাইনে চলে যায়। এতে কাজ করা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বাংলালিংক কোম্পানীর এরিয়া ম্যানেজার মানিক উদ্দীন মুঠোফোনে বলেন, আমাদের টাউয়ারের বিদ্যুৎ সংযোগের দুটো ব্রেকারই বন্ধ ছিল। জেনারেটরের সাথে পল্লী বিদ্যুতের তারের কোন সংযোগ ঘটার সম্ভাবনা নেই। পল্লী বিদ্যুতের কোন ভুলে এ দুর্ঘটনা ঘটতে পারে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কির্তনীয়া জানান, সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *