নবাবগঞ্জে পূর্ববিরোধে দুইজনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে পূর্ববিরোধের জের ধরে শিকারীপাড়া গ্রামের লিটন মিয়া (৩০), আমজাদ হোসেন (৩৮) নামে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। বুধবার রাতে উপজেলার শিকারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে ওসি সিরাজুল ইসলাম শেখ নিশ্চিত করেছে।

ঘটনায় জড়িত গরিবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়া (৫০), শেখ লুৎফর রহমানের ছেলে আল আমিন (২৬), তারই ছেলে নাদিম (২৮) কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশিরা জানান, গরিবপুর গ্রামের ব্যবসায়ী বাদল মিয়ার সাথে লিটন মিয়ার পারিবারিক পূর্ববিরোধ চলছিল। বুধবার বাদল মিয়ার স্ত্রী নিখোঁজ হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে বাদল মিয়াসহ ৫/৭জন অতর্কিত লিটন মিয়ার বাড়িতে হামলা করে। তারা হাতুড়ি দিয়ে লিটন মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে জখম করে। ডাক চিৎকারে তার ভাই প্রবাসী আমজাদ হোসেন এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। স্থানীয়রা তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এর মধ্যে লিটন মিয়ার অবস্থা আশংকাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ এবিষয়ে বলেন, মারধরের ঘটনায় লিটনের ভাগিনা আল ইমরান বাদী হয়ে থানায় ৭জনের নামে মামলা করেছেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত ৩ আসামীকে ৫দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *