দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. আগামী ১০ বছরে দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা শূণ্যের কোঠায় পৌছবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক। শুক্রবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রীকৃষ্ণ সেবা সংঘের নাট মন্দিরে সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ৬ বছরে দেশে ৩ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী কমে গেছে। এটা অত্যান্ত আতংকজনক। এরা নির্যাতন, নিপিড়নের শিকার হয়ে দেশ ছেড়েছেন। এভাবে কমতে থাকলে আাগামী ১০ বছরে দেশে হিন্দু জনসংখ্যা শূন্যের কোঠায় পৌছবে।
গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, আমরা এ দেশে জন্মেছি। অন্য কোন দেশ থেকে আসিনি। আমরা কেন দেশ ছাড়বো। বরং ঐ সব অত্যাচারী, নির্যাতনকারীদের রুখে দাঁড়াতে হবে। এর জন্য সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতি ও শ্রীকৃষ্ণ সেবা সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রহ্মচারী বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ বন্ধু কিশোর।
উদ্বোধন করেন হিন্দু সংস্কার সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীপঙ্কর সরকার। সভাপতিত্ব করেন হিন্দু সংস্কার সমিতির নবাবগঞ্জ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার বিকাশ ভূষণ বকসী। স্বাগত বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য্য মোহিনী মোহন গোস্বামী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোমনাথ দে, যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক গৌর মোহন দাস।
ইতালি থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন হিন্দু সংস্কার সমিতির ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ সাহা। অরুন কুমার সাহা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা র্যালি, কৃষ্ণ পূজা, গীতাযজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ ও অষ্টকালীন লীলা কীর্তনসহ দুই দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
