নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। দীর্ঘ সময়ের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে শিক্ষার্থী ও পুরো জাতির ওপর।
একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম। শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দিলে কোনো জাতিই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনা চলেছে। আরও বলেন, অনেক ক্ষেত্রে প্রশ্নপত্রে শুধু প্রশ্ন লেখা হয়েছে, কিন্তু শিক্ষার মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী তানভীর আহমেদ সানু মোল্ল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সালাম, শিক্ষানুরাগী আবু শফিক খন্দকার মাসুদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহআলম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সি. সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের সভাপতিত্বে এবং নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খান সহ বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক সহ শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
