ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতি সংগঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ও ভোর ৫টায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাত ৩ টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় পাশ থেকে গাছ কেটে রাস্তায় ব্যারিকেট তৈরি করে। এসময় একটি পিক-আপ ভ্যান ও দুটি সিএনজি অটোরিক্সা থামিয়ে ডাকাতরা পিক-আপ ও অটোরিক্সার চালক,সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুন্ঠন করে নেয়। খবর পেয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ভোর ৫টার দিকে একই স্থানে একই কৌশলে একটি সিএনজি ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় ডাকাতি হয়।

স্থানীয়রা আরো জানায়, এই স্থানে গত ১ বছরে অন্তত ১০ থেকে ১২ বার এমন ডাকাতির ঘটনা ঘটেছে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। হাইওয়ে পুলিশ যাওয়ায় ডাকাতি করতে পারেনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *