নবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ইউপি সদস্য

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি . ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জয়নাল আবেদীন নামে এক ইউপি সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে স্বেচ্ছায় দল ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের রাজনীতি থেকে দল ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জয়নাল আবেদীন বলেন, আমি ছোট বেলা থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিগত আওয়ামী সরকারের আমলে আমাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলে যোগ দিতে বলে। আমি আওয়ামী লীগে যোগ দিতে অস্বীকার করায় তারা আমার সাথে খুব খারাপ আচরণ করেন এবং ভয়ভীতি দেখায়। বাধ্য হয়ে চাপে পড়ে আমি আওয়ামী লীগে যোগ দেই। তারা আমাকে না জানিয়েই সদস্য করে নেন। তখন এর প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার ছিল না। মনের ইচ্ছায় নয় অনিচ্ছায়ই থাকতে হয়েছে।

এখন দেশ পরিবর্তন হয়েছে আমি তাদের সাথে এখন থাকতে চাই না। আমি এ পদটাকে ঘৃণা করি। আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তিনি বলেন, আমি যন্ত্রাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোট তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। সবশেষ নির্বাচনে বিভিন্ন চাপের কারনে আওয়ামী লীগের লোক হিসেবে নির্বাচন করতে বাধ্য হয়েছি। তবে নিজের ভোট চাওয়ার আগে বলতে হয়েছে নৌকায় ভোট দিবেন আগে, তারপর আমারটা। ওরা জোর করে আমাকে আওয়ামী লীগের নিলেও সব সময় বৈষম্য সৃষ্টি করেছে। কিন্তু আমি তো বিএনপির লোক। এটা পরিবেশ পরিস্থিতির কারনে বলতেও পারিনি। এসময় তিনি ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। এখন থেকে আমার সাধ্য অনুযায়ী জনগণকে সেবা করবো। আওয়ামী লীগ যেভাবে চাপ সৃষ্টি করে দলে নিয়েছে মানুষকে। এটি কোন রাজনৈতিক দলের জন্য শুভ কাজ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *