ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর মিয়া (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার আন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত উসমান বেপারির ছেলে নুর বেপারির সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার চাচাতো ভাই সেলিমের সাথে। এবং এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রবিবার সকালে বিরোধপূর্ণ জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে নুর বেপারির সাথে সেলিমের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সেলিমের ছেলে রিয়াজুল দা দিয়ে নুর বেপারির গলা ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
