নিজস্ব প্রতিবেদক : গত ২৮ নভেম্বর নববাংলা অনলাইনে ক্যান্সারে আক্রান্ত সারে তিন বছরের শিশু মাহাবুব কে নিয়ে মানবিক সংবাদ প্রকাশের পর তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন দোহার পৌরসভার বাসিন্দা সৌদি প্রবাসী ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন খান।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় নাসির উদ্দিনের পক্ষে মাহাবুবের পরিবারের হাতে সহায়তা পৌছে দিতে তাদের বাড়িতে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। এসময় মাহাবুবের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। এছাড়া প্রবাস থেকে টেলিফোনে মাহাবুবের খবর নেন নাসির উদ্দিন।
পরে মাহাবুবের মায়ের হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনা ও বন্যাপরবর্তী সময়ে খাদ্যসহায়তাসহ মাদরাসার উন্নয়ন কাজ ও বিভিন্ন সময়ে অসুস্থ মানুষের মাঝেও সহায়তা প্রদান করেন নাসির উদ্দিন।
মাহাবুবের পাশে দাড়াঁনোর জন্য নাসির উদ্দিনকে ধন্যবাদ জানান জেলা ও উপজেলার নেতাকর্মীরা। আগামীতে যে কোনো মানবিক কাজে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা মানুষের পাশে থাকবে বলে জানান তারা।
এদিকে নববাংলায় সংবাদ প্রকাশের পর সহায়তা পেয়ে সকলকে ধন্যবাদ জানান মাহাবুবের মা ফাতেমা আক্তার।
এসময় সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, সাংগঠণিক সম্পাদক আনোয়ার চোকদার, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব শরিফ, সমাজসেবক মো. জসিম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সেন্টু, যুগ্ম-সম্পাদক মারুফ চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা বিষয়ক সম্পাদক শেখ রুনু, যুব ও ক্রীড়া সম্পাদক বিশাল আহমেদ মারুফ, সদস্য মিজান মাহমুদসহ অন্যান্য নেতা কর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যাবেন বলে জানান নাসির উদ্দিন খান। তিনি জানান, অসহায় মানুষের মাঝে সমাজের বিত্তশালীদের সহায়তার মানসিকতা উদয় হলে উপকৃত হবে সমাজ ও দেশের মানুষ। আরও জাগ্রত হবে মানবতা।
