দোহারে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা: থানায় অভিযোগ

স্থানীয় ও ঘটনার শিকার পরিবার জানায়, পদ্মা নদীতে বাড়িঘর বিলীন হওয়ায় বেশ কয়েক বছর আগে নারিশা পশ্চিমচরের নুরু হাওলাদার ও কালাম হাওলাদারের পরিত্যক্ত চালের চাতালে আশ্রয় নেয় ভুক্তাভোগী পরিবারটি। বসবাস শুরু করার পর থেকেই বিভিন্ন সময়ে ওই কিশোরীকে উত্যক্ত করতো বখাটে জিয়ারত বেপারী। কিন্তু জিয়ারত বেপারীরর পরিবার ক্ষমতাধর হওয়ায় কিশোরীর পরিবারটি কখনো স্থানীয়ভাবে বিচার পাইনি।
এদিকে গত শনিবার সকালে ওই কিশোরী চাতালের একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এ সুযোগে জিয়ারত ওই ভাঙাচোরা কক্ষের বেড়া সরিয়ে কিশোরীর হাত চেপে ধরে। এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। কিশোরীকে জিয়ারত তার বাসায় যেতে বলে। এতে কিশোরী যেতে অনিহা প্রকাশ করে চিৎকার দেয়। তার চিৎকারে বৃদ্ধ নানী ছুটে এসে জিয়ারতকে ঘটনাস্থলে পেয়ে বাধাঁ দেয়। এতে জিয়ারত কিশোরীর নানীকে বুকে লাথি দিয়ে ফেলে দিলে ইটের সঙ্গে মাথায় আঘাত লেগে আহত হন ওই কিশোরীর নানী।
এ ঘটনাটি এলাকার অনেকে জানলেও বিষয়টি নিয়ে কেউ কোন প্রতিবাদ করেনি। উল্টো ঘটনাটি কাউকে না জানাতে জিয়ারত অসহায় পরিবারটিকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে।
এ বিষয়ে গত রোববার ঘটনাস্থলে এই প্রতিবেদক গেলে ঘটনার সাথে জড়িত জিয়ারত এই প্রতিবেদককে নিউজটি না করতে হুমকি দেন।

এ বিষয়ে নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম বলেন, ঘটনাটি যদি সত্যি হয় তবে এর কঠিন বিচার করা উচিত যাতে এ ধরনের কর্মকাণ্ড করতে কেউ পুনরায় সাহস না পায়। তবে স্থানীয় অনেকেই জিয়ারত বেপারীকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে চিনেন। তার নৈতিক অবক্ষয়ের কথাও অনেকে স্বীকার করেছেন। তবে ওই পরিবারের অনেক প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পান না।

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা (দক্ষিণ) আঞ্চলিক এর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পল্লব বলেন, ঘটনাটি শুনার পর আমরা ঢাকা জেলা দক্ষিণ এর পক্ষ থেকে একটি টিম পাঠাই। ঘটনাটি গভীর তদন্ত চলছে। ভিকটিমের পাশে আমরা আছি। ভিকটিমের মানবাধিকার সুরক্ষায় যা যা করনীয় আমরা তাই করবো।

এ ব্যাপারে দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী জানান, ঘটনাটির ব্যাপারে আমরা অবগত নই। ভিকটিম বা ভিকটিমের পরিবার অভিযোগ করলে আমরা বিষয়টি দেখবো।

দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *