নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পৌরসভার ২ নং ওয়ার্ডে বিভিন্ন জেলা থেকে আগত কর্মহীন ভাড়াটিয়াদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উক্ত ওয়ার্ডে নির্মাণ শ্রমিক, দিনমজুর, রিকশাচালক যারা বিভিন্ন জেলা থেকে এসে ভাড়া বাসায় বসবাস করেন এমন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শেখ কাজিম, সাংবাদিক নাট্যকার ও পরিচালক শেখ সেলিম, দোহার পৌরসভার ছাত্রলীগের সহ-সভাপতি ইমন শেখ, আওয়ামীলীগ নেতা শেখ জুলমত, শেখ জুয়েল, আতিক হাসান আলামিন, শেখ কাউসার প্রমুখ।
শেখ সেলিম বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এগিয়ে এসেছেন সমাজের অনেক বিত্তবান মানুষ, যার ফলে একাধিকবার একজন কর্মহীন মানুষ খাদ্যসামগ্রী সহায়তা পেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন জেলা থেকে আগত যাদেরকে আমরা ভাড়াটিয়া বলি তারা সেইভাবে খাদ্যসামগ্রী সহায়তা পাননি কারন তারা এই অঞ্চলের ভোটার নন বলে, এই মানবিক বিষয় চিন্তা করে আমি দুই নং ওয়ার্ডের ত্রাণ কমিটির সদস্য হওয়ায় আমার বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে তাদের পাশে দাঁড়িয়েছি।
