নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর কবরস্থানের জমি দখলের অভিযোগে দুইজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলেন কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর এলাকার মজিদ মাদবরের দুই ছেলে আরজু (৪৫) ও রনজু (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রোজিনা মহিউদ্দিন তালুকদার ১৯৯২ সালে দাগ নং এস,এ-৩৪৪ এ ২৬ শতাংশ জমি কবরস্থানের জন্য দান করেন। দীর্ঘ ২৮ বছর পর একই এলাকার মজিদ মাদবরের প্রভাবশালী দুই ছেলে আরজু ও রনজু কবরস্থানের জমিতে নিজেদের মালিকানা দাবী করে বেশ কয়েকটি কবর ভেঙ্গে বাঁশ দিয়ে কবরস্থানের জমি দখল করে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এছাড়া কার্তিকপুর বাজার সংলগ্ন সাধারণ মানুষের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। এমন কর্মকান্ডে কবরস্থান কমিটি ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। এসময় বাধা দিলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন বলে জানান স্থানীয়রা। পরে বাধ্য হয়ে কবরস্থান কমিটি ও স্থানীয়রা প্রশাসনকে জানালে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আরজু ও রনজুকে আটক করে দোহার থানা পুলিশ।
এবিষয়ে চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো.শাহআলম নববাংলাকে জানান, কার্তিকপুর কবরস্থানের জমি দখলের বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দোহার থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
