নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার পৌরসভা নির্বাচন-২০২২ উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমাদের একটাই কাজ, যারা ভোট দিতে আসবেন তাদের মনে কোন প্রকার ভয় থাকবে না। নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরে যাবেন এই নিশ্চয়তা আমরা দিতে চাই। জেলা প্রশাসক আরও বলেন, যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু জাফর রিপন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হুসাইন খান, কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও দোহার পৌরসভা রিটার্নিং কর্মকর্তা আশ্রাফুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম।
