কেরানীগঞ্জে যুবমহিলা লীগ নেত্রীকে গলাকেটে হত্যার রহস্য উদ্ঘাটন-গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরের রসুলপুরে নিজ ফ্ল্যাটে যুবমহিলা লীগনেত্রী ডালিয়া আক্তার(৪৬)কে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (২১)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আজ দুপুরে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গত ২৩ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুরের রসুলপুর বাজারের সুইডেন প্লাজার তৃতীয় তলায় নিজ ফ্ল্যাটে ডালিয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে মো. অনিক কে এবং পরে মো. আলমগীর হোসেন ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নিহত নারীর পূর্বপরিচিত ছিলেন। তাঁরা জানতেন, সকালে ফ্ল্যাটে গৃহকর্মীর প্রবেশের সুবিধার্থে দরজা খোলা রাখা হতো। এই সুযোগে পাশের ভবনের ছাদ দিয়ে তাঁরা ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চুরির সময় ডালিয়া আক্তার বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তাঁকে মারধর করে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়।

উল্লেখ্য গত ২৩অক্টোবর নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
তবে নিহত ডালিয়ার মেয়ে লিজা জানান, তার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। উদ্যেশ্য চুরি হলে চোর কিছু চুরি করলো না কেনো প্রশ্ন মেয়েসহ পরিবারের লোকজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *