কেরানীগঞ্জের হযরতপুরে দুবাই প্রবাসীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের হযরতপুরের জগন্নাথপুর এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে দুবাই প্রবাসী নীলচান ব্যাপারীর বাড়িতে।এতে ওই প্রবাসীর ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ওই দুবাই প্রবাসীর স্বজনেরা জানিয়েছেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় নীল চাঁন বেপারী সপরিবারে প্রায় ৩০ বছর যাবত দুবাই থাকেন। বাড়িটিতে কোন লোক থাকতো না। তিনি অনেকদিন পর পর বাড়িতে আসতেন। শনিবার গভীর রাতে ওই প্রবাসীর বাড়ির ছাদের সিঁড়ি কোটার উপরের একটি টিনের চাল কেটে দুর্বৃত্তরা বাড়ির ভিতরে প্রবেশ করে ৫টি রুমের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল লুট করার পরে দুর্বৃত্তরা বাড়ির ভিতরের ওই রুমগুলিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ওই বাড়ির রুম থেকে কালো ধোয়া বের হতে দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার করে জেগে ওঠে। এ সময় আশেপাশের লোকজন দ্রুত ওই বাড়িতে এসে আগুন নিভায়। দুবাই প্রবাসী নীল চাঁন বেপারীর ভাবি রিনা বেগম জানান, তার দেবর ৩০ বছরের অধিক সময় সপরিবারে দুবাইতে বসবাস করেন। কিছুদিন আগে তিনি দেশে এসে অনেক মূল্যবান মালামাল কিনে তার বাড়িতে রেখে যান। ওই বাড়িতে কোন লোক না থাকার কারণে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকতো। গভীর রাতে বাড়ির ছাদের সিঁড়ি কোটার টিনের চাল কেটে একদল দুর্বৃত্ত বাড়ির ভিতরে ঢুকে পাঁচটি রুম থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা রুমগুলোতে আগুন ধরিয়ে দিয়ে যায়। আমরা রুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ঘুম থেকে জেগে উঠে চিৎকার দেই। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দ্রুত চলে আসে। এ সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া টহল পুলিশও আমাদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। সবাই মিলে ওই বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করায় এবং এই আগুনে দামি ফার্নিচারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় আমার দেবরের ৩০ লক্ষের অধিক ক্ষতি হয়েছে। তবে কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। বাবু হাসান নামের ওই দুবাই প্রবাসীর প্রতিবেশী বাবু হাসান জানান, দুবাই প্রবাসী নীল চাঁন ব্যাপারীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাটি দেখে সন্দেহ হচ্ছে এটি মাদক সেবীদের কাজ। দুবাই প্রবাসী নীলচান বেপারী মুঠোফোনে জানান, আমি দীর্ঘ ৩০ বছর যাবত সপরিবারে দুবাই প্রবাসী। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। আমার রেমিটেন্সের টাকায় বাড়িটি নির্মাণ করেছি। বাড়িটিতে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল। দুর্বৃত্তরা আমার মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়েই ক্ষ্যান্ত হয়নি। তারা আমার বাড়িটিতে আগুন ধরিয়েও দিয়েছে। এই ঘটনায় আমার প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে। আমি থানা পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি । এতে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা দ্রুত এই ঘটনার তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *