কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন বাজারে বিক্রি নিষিদ্ধ জাটকা মাছ যাতে কেউ বিক্রি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার(০১ মে) সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে কলাতিয়া মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এসময় বিক্রি নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি করার অপরাধে দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয় । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রাজা। জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন কেরানীগঞ্জ উপজেলায় বিক্রি নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি করার কোন সুযোগ নাই। তিনি সাধারন মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ জাটকা মাছ কিনবেন না। কোথাও জাটকা মাছ বিক্রি করতে দেখলে আমাকে খবর দিবেন।
