কঠোর নিরাপত্তায় আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ আরও তিন মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

একই সঙ্গে তার বিরুদ্ধে চারজনের সাক্ষ্যগ্ৰহণ হয়েছে। সাক্ষ্যগ্ৰহণ শেষে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১২ নভেম্বর ধার্য করেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের এজলাসে নূর হোসেনের উপস্থিতিতে এ সাক্ষ্যগ্ৰহণ করা হয়।

তিন মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা নূর হোসেনের তিন সহযোগী মোহাম্মদ আলী, জামাল ও সেলিমকে আদালতে হাজির করা হয়। এদিন নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ্জালাল বাদলসহ জামিনে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় নিয়ে আসা হয়। আদালতে হাজিরা শেষে আবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর দেড়টার দিকে তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জেসমিন আহমেদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজির তিন মামলায় আদালতে নূর হোসেনের বিরুদ্ধে চারজন সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে নূর হোসেনকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন কারাগারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *