নিজস্ব প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে ছেলের মৃত্যুর তিনদিন পরে তার বাবাও চলে গেলেন না ফেরার দেশে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নে। মডেল থানার কলাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সেলিম দরানি। তিনি সোমবার (০১ জুন) রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
জানা যায়, সেলিম দরানির ছেলে রোহিতপুর বনিক সমিতির সদস্য মো. সাইদুর দরানি গত ২৯ মে ভোর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।তার ছেলেটি তাদের সংসারের উপার্জনের অন্যতম ব্যক্তি। তার কাছেই ছিল সংসারের যাবতীয় টাকা-পয়সা ও হিসেবপত্র।
ছেলে মো. সাইদুর দরানি মারা যাওয়ার পরে বাবা সেলিম দরানি শোকে কাতর হয়ে পড়েন। ছেলের এই মৃত্যু শোক সহ্য করতে না পেরে তিনি সোমবার রাতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
তিনদিনের ব্যবধানে বাবা-ছেলের এই মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে কলাতিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম দরানির মৃত্যুতে সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
