নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্য ও মাদক মামলার এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দোহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বউবাজার থেকে ওয়ান ব্যাংক রোডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মজিবুর রহমানের বাড়ির সামনে পাকা সড়কে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আনুমানিক ১২০ থেকে ১৩০ জন সদস্য মিছিলের চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চর জয়পাড়ার নুর হোসেন (২২), পূর্ব লটাখোলার মানিক মিয়া (১৯), দক্ষিণ চর জয়পাড়ার সাব্বির হোসেন (১৯), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়ার মুশফিকুর রহমান (১৯) এবং চর জয়পাড়ার শিহাব খান (২৬)। এছাড়া মাদক মামলার আসামি রাইপাড়ার লিটন মোল্যা (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
দোহার থানা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় এবং দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
