শ্রীনগর বাজারে শিশু নির্যাতনের অভিযোগ মূল অভিযুক্ত অনুপস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের এক ডিম ব্যবসায়ীর বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ এবং পরবর্তীতে বাজার কমিটির ডাকা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ডিম ব্যবসায়ী রামা দে এবং ভুক্তভোগী শিশুটির পরিবারকে আড়ালে রেখে বাজার কমিটির এই সংবাদ সম্মেলন করায় জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, শ্রীনগর বাজারের আনসার লাইব্রেরির সামনে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ডিমের ব্যবসা করে আসছেন রামা দে। সম্প্রতি তার বিরুদ্ধে বাজারের পাবলিক টয়লেটের পাশের একটি ডিমের গোডাউনে নিয়ে ৮-৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং শ্রীনগর বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে, বাজার কমিটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। তবে ওই সংবাদ সম্মেলনে মূল অভিযুক্ত রামা দে কিংবা ভুক্তভোগী শিশুটির পরিবারের কোনো সদস্যকে উপস্থিত রাখা হয়নি।
সংবাদ সম্মেলনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীনগর উপজেলার সাধারণ মানুষ ও নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। স্থানীয়দের প্রশ্ন— যে ঘটনা নিয়ে পুরো শ্রীনগর বাজার উত্তপ্ত, সেই ঘটনার মূল অভিযুক্ত রামা দে এবং ভুক্তভোগী পরিবার এখন কোথায়?
অনেকেই মন্তব্য করছেন, অভিযুক্ত রামা দে-কে সংবাদ সম্মেলনে উপস্থিত করে সাংবাদিকদের মুখোমুখি করা হলে ঘটনার সত্যতা কিংবা অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা অনেকটাই পরিষ্কার হতো। এছাড়া, ভুক্তভোগী পরিবারটি কেন আড়ালে বা নিখোঁজ রয়েছে এবং তাদের সামনে এনে কেন বক্তব্য দেওয়া হলো না, তা নিয়েও জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে।
দায় এড়াতেই তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলন করা হয়েছে কি না, এমন প্রশ্নও তুলছেন এলাকাবাসী। বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *