এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত কামাল হোসেন ও কুলসুম বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় হোসেনের চাচাতো ভাই পিয়াস (৩০) শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তার কাছে হৃদয়ের নিয়মিত যাতায়াত ছিল। তিন-চার দিন আগে হৃদয় সেখানে আসেন। বুধবার সকালে মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শ্রীনগর থানা পুলিশ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সঙ্গে থাকা মানিব্যাগ থেকে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করেন। পরে নিহতের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়। নিহতের স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে তিনি জানান, হৃদয় সাঁতার জানতেন না।
এ বিষয়ে পুলিশ জানায়, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
