নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পাঁচজন আহতের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে রাইপাড়া ইউনিয়নের বউবাজার খালপার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বউবাজার এলাকার বাবুলের স্ত্রী রোজিনা আক্তার (৩৯), বাবুলের ছেলে রবিন (২০), মোবারক এর স্ত্রী রেখা আক্তার (৩০) রহুল আমীনের স্ত্রী লাখি আক্তার ও প্রতিপক্ষ মো.ফজর আলী।
আহত লাখি আক্তার জানান, রবিবার দুপুর ১২ টার দিকে আমাদের প্রতিবেশি লালচাঁন,ফজর আলী,সুজন,সুমন,বাশির ও মজিবুর আমাদের জমি দখল করার চেষ্টা করে। এসময় আমরা বাধাঁ দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের চারজনকে পিটিয়ে গুরুতর আহত করে । এসময় আমরা মোবাইলে মারপিটের দৃশ্য ভিডিও করতে গেলে আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি। আমার পরিবারের তিনজন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনায় লাখি আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মারপিটের ঘটনায় বক্তব্য নিতে অভিযোগে উল্লেখিত প্রত্যেক আসামিদের বাড়িতে গেলে কউকেই পাওয়া যায়নি। তবে ফজর আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ছেলে বশির জানান, আমরা কারো জমি দখল করিনি। বরং প্রতিপক্ষ আমাদের জমি দখল করে বিভিন্ন সময় আবর্জনা ফেলে রাখতো। বাধাঁ দেয়ায় আমার বাবাকে বটি দিয়ে আঘাত করে এবং আমাদের ঘরবাড়ি ভাংচুর করে। বর্তমানে ঢাকাতে একটি হাসপাতালে আমার বাবার অপরেশন চলছে।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পুলিশ পরিদর্শক মাসুম লাভলু জানান, বউবাজার খালপার এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
