এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং তিন উপজেলার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সংযোগ একটি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, স্থানীয় মুনসুর শেখ নামে এক ব্যক্তি রাস্তার কিছু অংশে নির্মাণকাজে বাধা দেওয়ায় বন্ধ রয়েছে উন্নয়নকাজ। এতে তিন উপজেলার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার খিলগাঁও এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে জৈনসার ও তন্তর ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তন্তর ইউনিয়নের উত্তরগাঁও থেকে জৈনসার ইউনিয়নের খিলগাঁও পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা মাটির রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাঁকা করার উদ্যোগ নেওয়া হয়। তবে রাস্তার কিছু অংশে বাধা দেওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে তাঁদের অভিযোগ। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের উদ্যোগ থমকে গেছে।
বক্তারা আরও বলেন, ওই রাস্তা দিয়ে গ্রামের দুটি মাদ্রাসা, হাইস্কুল ও কবরস্থানে যাতায়াত করতে হয়। এটি স্থানীয় বাসিন্দাদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। রাস্তা নির্মাণ বন্ধ থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে সবার চলাচল নির্বিঘ্ন করার দাবি জানান তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে রাস্তা নির্মাণে বাধা বন্ধ, জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং উন্নয়নকাজে বাধা সৃষ্টির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত মুনসুর শেখ বলেন, আমার নিজের জমির উপর রাস্তায় পড়েছে। এজন্য আমি কাজে বাধা দিয়েছি রাস্তাটি আমি পাশে সরিয়ে বেঁধে দিব।
