নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার সমসাবাদ পানালিয়া কবরস্থানের জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। কবরস্থানের লাশঘরসহ পেছনের চার শতাংশ জমি পারিবারিক কবরস্থানের অংশ দাবি করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কবরস্থানটির সভাপতি শাহ আলমের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সমসাবাদ পানালিয়া কবরস্থানটি এলাকার মানুষের মরদেহ দাফন ও শেষবিদায়ের একটি গুরুত্বপূর্ণ স্থান। অভিযোগ রয়েছে, কবরস্থানের জমিদাতা ইদ্রিস আলী বেপারীর ছেলে শাহ আলম কবরস্থানটির সভাপতি হওয়ার পর থেকে লাশঘরসহ পেছনের চার শতাংশ জমি পারিবারিক কবরস্থানের অংশ হিসেবে দাবি করে আসছেন।
নাম প্রকাশ না করার শর্তে কবরস্থান কমিটির এক সদস্য জানান, ১৯৯১ সালে ইদ্রিস আলী বেপারী কবরস্থানের জন্য ২৬ শতাংশ জমি দান করেন। তাঁর দাবি, দানপত্রে ২২ শতাংশ জমি সাধারণ কবরস্থানের জন্য এবং পূর্বদিকে অবশিষ্ট চার শতাংশ জমি পারিবারিক কবরস্থানের জন্য রাখার কথা উল্লেখ রয়েছে। কিন্তু দলিল অনুযায়ী পূর্ব দিকে তাঁর পারিবারিক ৪ শতাংশ জমি পাওয়ার কথা সরাসরি উল্লেখ থাকার পরও সে জোরপূর্বক পশ্চিম দিকে ঢাকা বান্দুরা আঞ্চলিক সড়কের পাশের ৪ শতাংশ জমিা দাবি করছেন। এবং খোদ কবরস্থানেই তার নিজস্ব ৪ হাজার ইট এনে রেখেছেন, সেখান থেকে ২ হাজার বিক্রিও করেছেন। এছাড়া তিনি অভিযোগ করেন, লাশঘরের ভেতরের একটি দরজা ইট দিয়ে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এর আগে জোরপূর্বক মাটি ভরাট ও গাছ বিক্রির অভিযোগে নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে অভিযুক্ত কবরস্থানটির সভাপতি শাহ আলমকে ফোন দেওয়া হলে, তিনি ঢাকায় ব্যস্ত আছেন এবং পরে নিরিবিলিতে কথা বলবেন বলে- কৌশলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
