স্টাফ রিপোর্টার: পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শ্রীনগর ও দোহার উপজেলার শিক্ষার্থীদের হাতে গড়া সামাজিক সংগঠন প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ শ্রীনগরের স্যার জগদীশ চন্দ্র বসু ইন্সটিটিউট ও কলেজে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের সভাপতি নিশু আক্তার।
ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব রোকেয়া পারভিন জুঁই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: খালেদুজ্জামান জুয়েল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাদিয়া সুলতানা, সুপ্রিম কোর্টের এডভোকেট মনির হোসেন রানা, শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক রিয়াজুল ইসলাম সোহেল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আরিফ উল্লাহ, স্যার জেসি বোস ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক অরুণ কর্মকার, শ্রীনগর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আফরোজ, পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, এস.আই।নুর হোসেন আকনসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রোকেয়া পারভিন বলেন, শ্রীনগরের সাথে দোহারের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক বৃদ্ধিতে প্রমায়ণ ব্যতিক্রমী ভূমিকা নিচ্ছে, এই সম্পর্ক সামনের দিন গুলোতে আরো বাড়বে, প্রমায়ণের আগামী কমিটি হবে অংশগ্রহণমূলক এবং দক্ষ একটি কমিটি। যারা ভর্তি পরামর্শের পাশাপাশি, স্কুল গুলোতে সেমিনার, মাদকবিরোধী অভিযান সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাবেক দায়িত্বশীলগণ। এসময় বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রমায়ণকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দোহার ও শ্রীনগর থেকে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। সভাপতি নিশু আক্তার আগত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
