নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর অপরাধে মো. শাহাজাদা (৫৮) ও রাকিবুল আলম তুষার (৪০) নামে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম সালাউদ্দীন মনজুর ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১ মাস করে কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. শাহজাহান উপজেলার বলমন্তচর গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে ও রাকিবুল আলম তুষার একই গ্রামের খাইরুল আলমের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন জানান, শনিবার দুপুরে বলমন্তচর গ্রামে ত্রাণ নিয়ে গুজব ছড়াচ্ছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুজব ছড়ানোর বিষয় প্রমান পেয়ে পুলিশ শাহাজাদা ও রাকিবুলকে আটক করে। বেলা ৩টায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে গেলে আদালত তাদেরকে ১ মাস করে কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু বলেন, “সেনাবাহিনী কর্তৃক ৫ হাজার টাকা এবং ত্রাণ দেওয়া হবে” বলে এই দুই ব্যক্তি বলমন্তচর এলাকায় জনগণের মাঝে গুজব ছড়ায়। এমন তথ্য জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বিষয়টি সম্পূর্ণ গুজব। গুজব ছড়ানোর দায়ে তাদের দুজনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, কেউ গুজবে কান দিবেন না এবং ঘরের বাহিরে বের হবেন না। আপনার খাবার সামগ্রী প্রয়োজন হলে আপনার বাসায় খাবার পৌঁছে দিবে উপজেলা প্রশাসন।
