শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ চাকুরিচ্যুত সেনাসদস্যসহ ৭ ডাকাত গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকুরিচ্যুত সেনাসদস্যসহ সাত সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার ছনবাড়ী থেকে সিংপাড়া যাওয়ার পথে হরিবাড়ী ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ ও ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের সখিপুর থানার রহিম বক্স কানু ঘুঘু সাহেবের কান্দি গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. ফরহাদ হোসেন (৪০), নওগাঁর বদলগাছী থানার সব্দুলপুর গ্রামের বেলাল চৌধুরীর ছেলে চাকুরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর পাংশা থানার আশুরহাট গ্রামের আব্দুল ওহাবের ছেলে চাকুরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনা সদর উপজেলার পরীর খাল গ্রামের দুলাল গাজীর ছেলে আব্দুল আলীম (৩২), মাগুরা সদরের মাগুরা গ্রামের ইউনুসের ছেলে মো. সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের কাজল মিয়ার ছেলে মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনা সদর উপজেলার পরীর খাল গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে গাড়িচালক আবু হানিফ (৩২)।
রোববার (২৭ সেপ্টেম্বর)  বিকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৪৯৩০) ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৮-৫৭৮৬) যোগে একদল অপরাধী আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ছনবাড়ী থেকে ইছাপুরাগামী সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শ্রীনগর থানাধীন হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করে। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সন্দেহজনক গাড়ি দুটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ডিবি টিম সেগুলোকে থামায়। এ সময় মাইক্রোবাসের ড্রাইভারের পাশের সিটে বসা কালো রঙের র‍্যাবের কটি পরিহিত এক ব্যক্তি ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ডিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মাইক্রোবাসের চালকসহ মোট সাতজনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তারা ওই এলাকায় অবস্থান করছিল। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে সর্বস্ব লুটে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস, ১টি লাল রঙের মোটরসাইকেল, ৩টি র‍্যাবের কটি, ২টি ওয়াকিটকি সেট, ২টি খেলনা পিস্তল, ২ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ৩টি র‍্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, ৩টি লাল রঙের চেক গামছা, ৩টি এসএস পাইপ, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি চায়না লেজার লাইট এবং ১টি ‘RAB’ লেখা স্টিকার উদ্ধার করা হয়।
এসপি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *