দোহারে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, নির্ধারিত সময়েও অনুপস্থিত অধিকাংশ শিক্ষক

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে অবস্থিত পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। পরিদর্শনকালে ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম উপস্থিত থাকলেও নির্ধারিত সময়ে অন্য কোনো শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। এতে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। এবং নির্ধারিত সময়ে অনুপস্থিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নির্ধারিত সময়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও উপস্থিতির বিষয়টি পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি পরিদর্শনকালে ইউএনওর নজরে আসে। নির্ধারিত সময়ে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত না থাকার কারণে পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তিনি তা নিয়ে প্রশ্ন তোলেন।

ইউএনও মো. মাঈদুল ইসলাম বলেন, প্রথমে শুধু প্রধান শিক্ষক ছিলেন। পরে আমি সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করে ষোলো জন শিক্ষককে পেয়েছি। বাকিদের নির্ধারিত সময়ের পরও পাওয়া যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার উপরই নির্ভর করে সেই বিদ্যালয়ের শিক্ষার মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *