খালেদা জিয়া সুস্থ মানে গণতন্ত্র সুস্থ -গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ মানে গণতন্ত্র সুস্থ। গণতন্ত্রের অপর নাম বেগম খালেদা জিয়া। আগে নির্বাচন আদায় করতে হবে। নির্বাচন নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। যখন তারেক রহমান দেশে ফিরবেন তখনই বোঝা যাবে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি এখনো কেন দেশে ফিরছেন না সেটা দেশবাসীকে বুঝতে হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে জিনজিরা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দেশে ফিরবেন তখন এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তার দুই পাশে লোকে লোকারণ্যে ভরে যাবে। বাঁধভাঙ্গা আনন্দ সবার মধ্যে বয়ে যাবে। আমি ভাগ্যবান। আমি একজন মুক্তিযোদ্ধার রাজনীতি করি। আমি গর্বিত আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে স্বপ্ন দেখেছিল এ দেশ থেকে বিএনপি শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি এখনো শেষ হয়ে যায়নি। আর যাবেও না কোনদিন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জনগণের সাথে কখনো বেইমানি করেনি। গয়েস্বর বলেন, ফ্যাসিবাদী আন্দোলনে যদি তারেক রহমান নেতৃত্ব না দিত তাহলে সেই আন্দোলনে সফলতা আসতো না। আন্দোলনের আমাদের দলের নেতাকর্মীরা পরিচয় গোপন করে নীরবে কাজ করেছে। তারা নেয়নি জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম। নেয়নি তারেক রহমানের নাম। তারা সবাই পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে ছিল। বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের সামনে ছিল। তাদেরকে আমরা জাতির মুকুট বলব। তারা ছোট অবুঝ মানুষ। তারা ভুল করতেই পারে। আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। এক পর্যায়ে বক্তব্যে নিজের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, গয়েশ্বর জিয়াউর রহমানের হাতি গড়া কারিগর। তারেক রহমানের আস্তাবাজন নেতা। আমি যুবদল থেকে বিএনপি’র স্থায়ী কমিটিতে স্থান পেয়েছি। এটা কোন দয়া বা দান নয়। ৫’শ বছরের ইতিহাস গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবারের। ঈশ্বর আমাকে কোন ভয় দেয় নাই। গয়েস্বর কাউকে ভয় পায় না। লড়াই করে বড় হয়েছি তাই লড়াই করে বাঁচতে চাই। ছাত্র জীবনে আমি মন্দ ছাত্র ছিলাম না। চাকরি ছিল আমার হাতের মুঠায়। চাকরি করলে সচিব হয়ে এতদিনে অবসর করতাম। আমি চেয়েছি সব সময় জনগণের পাশে থাকতে। তাই রাজনীতি করি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গয়েশ্বর চন্দ্র রায় শুধু কেরানীগঞ্জের নেতৃত্ব দেন না। তিনি সারা বাংলাদেশের তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন,জিয়া পরিবারের সাথে গয়েশ্বর কখনো বেইমানি করেনি। কেরানীগঞ্জে রাজনৈতিক প্রোগ্রাম গুলো সাংগঠনিকভাবে হবে। কেউ সংগঠনের বাইরে প্রোগ্রাম করতে চাইলে তাকে প্রতিহত করা হবে। জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ,আরশাদ রহমান শফু,ইমান উল্লাহ মাস্তান, মোঃ আশরাফ হোসেন, মোঃ আজাদ হোসেন,খোরশেদ জমিদার, শ্রমিক দল নেতা মোঃ শাহিন, ছাত্রদল নেতা পাবেল মোল্লা ও কৃষক দল নেতা জুয়েল মোল্লা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *