ঢাকার দোহার উপজেলায় উপজেলা বিএনপির কার্যকরী সদস্য হারুন অর রশিদ মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুরে দোহার প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শুরুতেই নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ তার লিখিত বক্তব্য পেশ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ এপ্রিল ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট শহিদ বাহিনীর অন্যতম সহযোগী মিরাজ হোসেন আমার নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অসংলগ্ন বক্তব্য প্রদান করে যা গণমাধ্যমে প্রকাশ করা হয়। তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।
তিনি বলেন, গত ৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি গত ৭ এপ্রিল ফ্যাসিস্ট আওয়মী লীগের দোসর মিরাজ হোসেনকে কে বা কারা হাত-পা বেঁধে বালু চাপা দিতে চেয়েছিল, কিন্তু সে দৌড়ে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর পাড়ে অবস্থিত স্রােত রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানে উপস্থিত হয়। এই ঘটনায় ওই এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ঘটনাটি সাজানো ও উদ্দেশ্য প্রনোদিত।
তিনি আরো বলেন, নয়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গৌতম সরকার ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই ঘটনা মঞ্চস্থ করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
এ সময় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
