ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতিবিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগীতার সেমি ফাইনাল পর্ব সম্পূর্ণ হয়।
দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-ভাপতি ডা. মো. মহিউল মিল্লাতের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান বিচারক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন। সহকারী বিচারক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তুরাজ, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার।
প্রতিযোগিতায় ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়, কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নুর ই আলম সিদ্দিক, ফারুকী আজম, জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন আহমেদসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
