এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের ইমামের চোখ অপারেশনের চিকিৎসার টাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামে রিয়াজুল জান্নাত মসজিদে দু-দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, উপজেলার পাঁচলদিয়া গ্রামের রিয়াজুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফিজুল ইসলামের চোখ অপারেশনের জন্য মসজিদ কমিটির কোষাধক্ষ হাফিজ জুম্মা নামাজ শেষে উপস্থিত মুসল্লীর কাছে আর্থিক সহায়তা চান। এতে রব শেখের ছেলে সজল এসে আপত্তি জানিয়ে মসজিদ কমিটিকে সহায়তা দিতে বললে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্তের সৃষ্টি হয়। এসময় মুসুল্লি মাসুদ রানা আফজাল এসে প্রতিবাদ করায় রব শেখের ছেলে সজলসহ বাবুল শেখ,রকি, রিয়াদ রকিবুল ও রব শেখগং অতর্কিত আফজালের উপর হামলা চালিয়ে তাকে বেধম পিটিয়ে গুরুত্বর আহত করে। এর কিছুক্ষণ পর পুনরায় রনি পাঠান বাড়ির সামনে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। এতে বৃদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহত আফজালের বড় ভাই শেখ আনোয়ার হোসেন জানান, আমার বাড়িতে দাওয়াতের একটি অনুষ্ঠান চলছিল। এসময় দাওয়াতি মেহমানরা আমাকে জানায়, সজল শেখগং লাঠি শোঠা নিয়ে রাস্তায় দাড়িয়ে আছে। এসময় আমি এগিয়ে গেলে সজল শেখগং আমাদের লোকজনদের উপর হামলা চালিয়ে আফজালসহ মিঠুন,রাব্বি,ফাহিম,ইমরানদের বেধম পিটিয়ে আহত করে। আফজালের অবস্থা ভালো না। সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, মসজিদে ইমামের চিকিৎসার টাকা তুলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দুদফায় মারামারি হয় এবং এতে উভয় পক্ষে লোক আহত হয়েছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. আজাদ রহমান জানান, এবিষয়ে থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
